জনগণের দোয়া ও সমর্থন চেয়ে পালাখাল মডেল ইউনিয়নে হুমায়ুন কবির তালুকদারের গণসংযোগ

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার (লিটন)। ঈদুল আজহার পরপরই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায় তাকে। স্থানীয়দের অনেকেই তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
হুমায়ুন কবির তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও হামলার শিকার হলেও তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক অঙ্গনে তার এই ধারাবাহিক সক্রিয়তা ও ত্যাগের কারণে তিনি ইউনিয়নজুড়ে একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন।
গণসংযোগ শেষে হুমায়ুন কবির তালুকদার বলেন, “আমি পালাখাল মডেল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে সবার অংশগ্রহণে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো। এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবো।”
ঈদ পরবর্তী এই গণসংযোগ ও কুশল বিনিময় কর্মসূচিকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে হুমায়ুন কবির তালুকদারের গণসংযোগ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা মনে করছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার এ জনসম্পৃক্ততা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *